জিবিএন বাংলা

গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ পুড়ল পাঁচ লাখ টাকার মালামাল

 বরিশালের গৌরনদী উপজেলার ২ নম্বর বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরু শিকদারের বসতঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ নুরু শিকদারের ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখেন আশপাশের লোকজন। পরে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।স্থানীয়দের প্রাথমিক ধারণা, ঘরের ফ্রিজের বৈদ্যুতিক সকেট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ক্ষতিগ্রস্ত নুরু শিকদারের পরিবারের দাবি, আগুনে তাদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিবারের প্রয়োজনীয় সামগ্রী ও বসতঘর পুড়ে যাওয়ায় তারা বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে।এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।

গৌরনদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘরসহ পুড়ল পাঁচ লাখ টাকার মালামাল